সবার উপরে মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বকালের গোল স্কোরারদের তালিকায় এখন একনম্বরে তিনি।
বুধবার কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুরন্ত এক ফ্রি-কিকে গোল করে বাতিস্তুতাকে টপকে শীর্ষে চলে যান বার্সেলোনা সুপারস্টার। দেশের জার্সিতে এমএলটেনের গোল সংখ্যা এখন ৫৫।
ভেনিজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই বাতিস্তুতার ৫৪ গোলের স্কোর স্পর্শ করেছিলেন মেসি। সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল ৪-১ গোলে। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে শীর্ষে উঠার ম্যাচে তার দল জিতল ৪-০ গোলে।
ম্যাচের ৩২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মেসি শট মার্কিন গোলকিপারকে অসহায় করে জড়িয়ে যায় জালে। সেই সাথে অনন্য এক ইতিহাসে ঢুকে যান মেসিও।
মেসির পাস থেকেই ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেন এসকুয়েল লাভেজ্জি। পরে হিগুয়েনকে দিয়েও একটি গোল করান মেসি। ম্যাচে জোড়া গোল করেছেন নেপলি স্ট্রােইকার হিগুয়েন। আর্জেন্টিনা জেতে ৪-০ গোলে।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গতবার ফাইনালে চিলির কাছে ট্রাইবেকারে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল তাদের। এবার ২৩ বছরের শিরোপা খরা ঘোচাতে মরিয়া দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা।
দেখুন মেসির সেই অসাধারণ ফ্রি-কিক-






