জনপদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ওয়ানগালা উৎসব

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ওয়ানগালা উৎসব

মরিয়মনগর ওয়ানগালা উৎসবে ‘থক্কা’ দান করেন ঢাকা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি ক্রুশ

নাচ-গান, ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক আয়োজনে শেরপুরে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মরিয়মনগর ওয়ানগালা উৎসব।

নতুন ফসল ঘরে তোলার আনন্দ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নেন গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।

রোববার (২২ নভেম্বর) মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে খামালকে খুথুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং লোকগাঁথা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

থক্কা প্রদান অনুষ্ঠানে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুশ ওএমআই। এ সময় উপস্থিত ছিলেন মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি।

এর আগে শুক্রবার প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন আর্চবিশপ বিজয় এন ডি ক্রুশ। দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন ফাদার লরেন্স রিবেরু।

গারো সম্প্রদায়ের কাছে ‘ওয়ানগালা’ কেবল আনন্দ-উৎসব নয়, এটি তাদের জাতিগত পরিচয়, বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। গারোদের বিশ্বাস অনুযায়ী, শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো, নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি এবং নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়। এ কারণে ওয়ানগালাকে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়। এটি ‘একশ ঢোলের উৎসব’ নামেও পরিচিত।

গারোরা খ্রিষ্টধর্ম গ্রহণের পর থেকে শস্য উৎসর্গের প্রথায় পরিবর্তন এসেছে। বর্তমানে ওয়ানগালায় খ্রিষ্টের নামে শস্য উৎসর্গ করা হয়। এ কারণে মরিয়মনগর ধর্মপল্লীর তত্ত্বাবধানে আয়োজিত উৎসবটি ‘খ্রিষ্টরাজার মহাপর্ব’ হিসেবেও উদযাপিত হয়।

তিন দিনের আয়োজনে ছিল ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের প্রদর্শনী, নাচ-গান, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা।

গারো যুবনেতা আশিক চিরাণ বলেন, ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চাওয়ার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। একই সঙ্গে পরিবার, সমাজ ও মণ্ডলীর মঙ্গল কামনা করা হয়।

উৎসব কমিটির আহ্বায়ক ফাদার লরেন্স রিবেরু জানান, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এ উৎসব উদযাপিত হচ্ছে। গারো সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

মরিয়মনগর ধর্মপল্লীর প্যারিস কাউন্সিল আয়োজিত এবারের উৎসবে এসআইএল বাংলাদেশ ও পর্যটন করপোরেশনের টুরিজম বোর্ড সহযোগিতা করে।

বিষয়:একশ ঢোলের উৎসব খামালকে খুথুব খ্রিষ্টরাজার মহাপর্ব থক্কা প্রদান পবিত্র খ্রিস্টযাগ মরিয়মনগর ওয়ানগালা উৎসব
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…