জঙ্গিবাদ নির্মূলে দেশের সব মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, যারা আযানের পর মসজিদের বদলে মানুষ খুন করতে যায়, যারা
রমজান মাসেও নৃশংস কায়দায় মানুষ হত্যা করতে পারে, তাদের কোন ধর্ম নেই।
তাদের ধর্ম একটাই, সেটা হলো সন্ত্রাস।
ঢাকা-চট্টগ্রাম চার লেন এবং ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, এভাবে মানুষ হত্যা ঘৃণিত কাজ। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় জনগণ যেভাবে জঙ্গিকে ধরিয়ে দিয়েছে সেভাবেই সকল জঙ্গির বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রমজান মাসে এশার নামাযের পর তারাবীর নামাযের সময়। সেই সময়ে তারা নামাযে না গিয়ে গেছে মানুষ খুন করতে। এটা খুবই ঘৃণিত কাজ। এসবের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘যারা এভাবে মানুষ খুন করতে পারে, যারা এই পবিত্র রমজান মাসে এমন নৃশংসভাবে হত্যা করতে পারে; তাদের কোন ধর্ম নেই। তাদের একটাই ধর্ম- সন্ত্রাস,’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সন্ত্রাসী মানুষ হত্যা করছে, এটা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব না।
তিনি বলেন: যারা সন্ত্রাসী ছিলো তাদের নিজেদেরওতো প্রাণ বাঁচেনি, তারাও মারা গেছে। তাহলে কেন তারা এমন জঘন্য কাজে জড়ায়? তাদের পরিবারের কী অবস্থা হবে? পরিবারের কেউ যেন এমন নৃশংসতায় জড়িয়ে না পরে সেদিকে পরিবারেরই দৃষ্টি রাখতে হবে।
সেনাবাহিনী, ফার্স্ট প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, নৌবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তাদের নির্ভীক পদক্ষেপের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। আমরা কখনোই দেশের মাটিতে জঙ্গিবাদকে স্থান দেবো না। এটা আমাদের পরিস্কার কথা।







