সন্তান জন্ম দিলেন গুলশান হামলায় নিহত এসি রবিউলের স্ত্রী

ঘর আলো করে এলো কন্যা শিশু কিন্তু সেখানে হাসির বদলে শুধুই কান্না। কেননা মেয়ের আগমনে যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিলো সেই বাবাই আজ নেই এই পৃথিবীতে।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলে আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
শনিবার দিবাগত রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা(৩২) এক কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার পরে মা সুস্থ থাকলেও শিশুটির জন্মগত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিচালক ড.আনোয়ারুল কাদের নাজিম জানান, রবিবার সকালে তার অস্ত্রোপচারের কথা থাকলেও কিছুটা জটিলতা দেখা দেওয়ায় আগের রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসূতিবিদ ডা. কামরুন্নেচ্ছার অধীনে একদল চিকিৎসক রাতে পৃথিবীর আলোয় নিয়ে আসেন রবিউলের অনাগত সন্তানকে। চিকিৎসকদের পরামর্শে মাকে পোস্ট অপারেটিভ বেডে আর কন্যাকে রাখা হয় শিশু নিবিড় পরিচর্যা (এনআইসিইউ) বিভাগে।
সন্তানের জন্মের ঠিক এক মাস আগেই রাজধানীর গুলশানে হলে আর্টিজান রেস্তোরাঁয় বিভীষিকাময় সন্ত্রাসী হামলায় স্বামীকে হারান উম্মে সালমা। নিহত রবিউলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের কাটিবাড়ি গ্রামে।
সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়ে উম্মে সালমা বলেন, আমি চাই সে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।





