দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন-২০১৮ শুরু হবে আগামী ৫ জুন মঙ্গলবার সকাল ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার সংসদের ২১তম অধিবেশন আহবান করেন।
এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থ বছরের বাজেট পেশ হতে পারে। বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে এ অধিবেশনে।
আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।
এর আগে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে।







