ভ্রমণ ক্লান্তি দূর করতে অনুশীলনের তাড়া ছিল না। রাতেই জানিয়ে দেয়া হয় মঙ্গলবারে ঐচ্ছিক অনুশীলন। কেউ না আসলে ক্ষতি নেই। রিয়াদের সঙ্গে কয়েকজন অবশ্য এসেছিলেন অনির্ধারিত এই অনুশীলনে। এসে হাত-পা গুটিয়ে বসে থেকেছেন। আর আয়েস করে বৃষ্টির দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন।
দুই টেস্টের সিরিজ দিয়ে সফর শুরু হচ্ছে বাংলাদেশের। ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি ১৫ মার্চ, কলম্বোয়।
তার আগে ২ ও ৩ মার্চ দুই দিনের প্রস্তুতি ম্যাচ আছে।
রিয়াদ নিজের ইনস্ট্যাগ্রামে বৃষ্টির ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘অনুশীলনের আগে হালকা বৃষ্টি।’
বিশ্বকাপের নায়ক কয়েক মাস ধরে চেনা ছন্দে নেই। ফর্মে ফিরতে অন্য সবার চেয়ে তার আগ্রহটা তাই একটু বেশি। সতীর্থরা কেউ কেউ হোটেলে বসে থাকলেও ব্যাট-প্যাড নিয়ে মাঠে চলেন আসেন তিনি। কিন্তু বেরসিক বৃষ্টি তাকে হতাশ করল। সেই হতাশার ফাঁকেই রিয়াদের এক পসলা ‘বৃষ্টিবিলাস’।
যেন ‘নেই কাজ তো খই ভাজ’!








