আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একের পর এক চমক দেখাচ্ছে ভারতীয় রাজনৈতিক দলগুলো। গেল সপ্তাহে একাধিক তারকা সমৃদ্ধ একটি প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাব আরেক জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে তুরুপের তাস করছে নরেন্দ্র মোদির বিজেপি।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে আগেই দলে টেনেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে মিমি চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর বসিরহাটের প্রার্থী হয়েছেন নুসরাত জাহান।তাই যাদবপুর ও দক্ষিণ কলকাতার মধ্যে একটি আসনে এবার শ্রাবন্তীর কথা ভাবছে বিজেপি।
মিমি-নুসরাতের বিপরীতে শ্রাবন্তীকে দাঁড় করিয়ে পেশি শক্তি দেখাতে চাইছে ক্ষমতাসীন বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। নির্বাচন কেন্দ্র করে এসব নায়িকাদের ছবিও হয়েছে ভাইরাল।
এদিকে আগামীকাল সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সম্প্রতি দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আভাস দিয়েছেন, একাধিক চমক থাকবে বিজেপির প্রার্থী তালিকায়।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীদের নামিয়ে তৃণমূল যে গ্ল্যামার দেখিয়েছে, তাতে পিছিয়ে থাকতে নারাজ বিজেপি। তাদের দলের নারী নেত্রী লকেট চট্টোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী। রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের পরিচিতি জাতীয়স্তরে। তবে দুজনের কেউই মিমি-নুসরাতের মতো জনপ্রিয় নন।
মিমির বিপরীতে সমকালীন ও বাণিজ্যিক ছবির অভিনেত্রী হিসেবে শ্রাবন্তীই বিজেপির অগ্রাধিকার। বিজেপির সূত্র মতে, তাদের পক্ষে শ্রাবন্তী প্রার্থী হলে জমে যাবে যাদবপুরের খেলা।








