শ্রমিক কল্যাণে দৃষ্টি দিতে বিজিএমইএ’কে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে বিজিএমইএর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করতে গেলে একথা বলেন তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ৩৪ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে জানায়, এবছর ২৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে। ২০২১ সালে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নত করা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। প্রবৃদ্ধি অর্জনে নীতিগত সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বিজিএমইএ প্রতিনিধি দল।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গার্মেন্টস শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য বহুমুখী করণের কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি।







