একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিজের জন্মস্থান গোপালগঞ্জ-৩ এবং শ্বশুরবাড়ি রংপুর-৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার চাচা শেখ কবির হোসেন।
এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহসহ অনেকেই।
দ্বিতীয় আসন হিসেবে শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি এলাকা রংপুর-৬ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ সময় তিনিও এ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে স্পিকার মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ থেকে দু’জন প্রার্থী থাকায় কে এ আসনে নির্বাচন করবে তা ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দশম জাতীয় সংসদের বর্তমান প্রধানমন্ত্রী।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।







