বাংলাদেশের তরুণ তুর্কি আশরাফুল পাভেলের সুর-সংগীতে গাইলেন কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা। শুধু তাই নয় গানটিতে শুভমিতার সঙ্গে কণ্ঠও দিয়েছেন পাভেল।
‘যখন তুমি জানালার ওপাশে, মাঝে বাতাসের ঘন দেয়াল/কি যে ভালো লাগে আমার করোনি কোনো খেয়াল’-এমন কথায় গানটি লিখেছেন এনায়েত ইসলাম। শিগগিরই একটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।
গানটি নিয়ে আশাবাদী পাভেল বলেন, আমার বাড়ি বাংলাদেশের সিলেটে হলেও থাকি কানাডার মন্ট্রিয়ালে। গান করি ছোটবেলা থেকেই। কানাডায় আমার নিজস্ব স্টুডিও আছে। সেখানেই গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। আগে থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ ছিলো। কাজটি তিনি খুব পছন্দ করেছেন। এমন একজন গুণী শিল্পীর জন্য গান বানানো এবং তার সঙ্গে গাইতে পারা আমার সংগীত ক্যারিয়ারের অনেক বড় অর্জন। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।
পাভেল আরো জানান, কিছুদিন আগে সিএমভির ব্যানারে ‘অকারণে জ্বালাতন’ শিরোনামে তার একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এতে পাভেলের সঙ্গে দ্বৈত গেয়েছেন ভারতীয় গায়িকা পূজা চ্যাটার্জি। ভিডিওটি নির্মাণ করেন খান মাহি। মডেল হিসেবে কাজ করেছেন নাদিয়া ও ইরফান সাজ্জাদ। গানটির জন্য সবার কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
২০১৫ সালের ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পায় পাভেলের সুর-সংগীতে মিক্সড অ্যালবাম ‘খুঁজে দেখো না’। সেই অ্যালবাম দিয়েই নিজের জাত চেনান পাভেল। সামনে সংগীতে আরো অনেক কিছু করে দেখানোর স্বপ্ন তার।








