মুষলধারে ঝড়-বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছে এক ঘন্টা পরে। একটু দেরিই যা করানো গেছে, ম্যাচে আটকে রাখা যায়নি আবাহনীকে। মেরিনার্স ইয়াংসকে ১-০ গোলে হারিয়ে ক্লাব কাপ হকির শিরোপা ধরে রেখেছে জায়ান্ট দলটি।
প্রতিযোগিতায় আবাহনীর এটি টানা দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে চতুর্থ মুকুট। মোহামেডান এসসি ও ঊষা ক্রীড়া চক্রেরও আছে চারটি করে শিরোপা সাফল্য।
শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ৪১ মিনিটে আবাহনী জয়সূচক গোলটি এসেছে সোহানুর রহমান সবুজের স্টিক থেকে। পেনাল্টি কর্নার থেকে গোল। মালয়েশিয়ান ফরোয়ার্ড ইজওয়ান ফেরদৌসের পাসে গোল আদায় করেন সবুজ।
শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১১-১ গোলে ভাসিয়ে ক্লাব কাপ হকির ফাইনালে পৌঁছেছিল আবাহনী। আর সোনালী ব্যাংককে ৩-০ গোলে হারিয়ে টিকিট কেটেছিল মেরিনার্স।








