বিশ্বকাপ জেতার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারছেন না ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। তবে গ্রেট ম্যাচ উপহার দেয়ার অঙ্গীকার করেছেন তিনি। আসল লড়াইতে নামার আগে এমন আশ্বাসবাক্যই শোনা গেছে পাঁচবারের শিরোপাজয়ী দলের অধিনায়কের মুখে।
ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে আগের বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। পিএসজি ডিফেন্ডার বলেছেন, আগের সেই দলটাও বিখ্যাতই ছিল, তারপরও হয়নি।
তবে নিজেদের গৌরব ফেরানোর সুযোগ আবারও পাচ্ছেন বলে মনে করিয়ে দিয়েছেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলে নিজেদের গল্পটা নতুন করে লেখার সুযোগ আছে আমাদের।’
এরপরই থিয়াগোর মন্তব্য, ‘আমরা শিরোপার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছি না। তবে গ্রেট ম্যাচ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। বিশ্বকাপের সময় আপনি গ্রেট ফুটবলই দেখতে পাবেন।’
বর্তমানে লন্ডনে অনুশীলন করছে ব্রাজিল দল। সেখানে পূর্ণ ফিটনেস ফিরে পেতে মরিয়া চেষ্টা করছেন নেইমার ও থিয়াগো।







