সদ্য প্রয়াত হলেন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেন। তার মৃত্যুতে শোকার্ত ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রের মানুষেরাও। গুণী এই নির্মাতার মৃত্যুতে তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়েই তাকে স্মরণ করতে যাচ্ছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মুভমেন্ট’ নামের চলচ্চিত্রের সংগঠন।
মৃণাল সেনকে স্মরণ করে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর এই আয়োজনে আগামি ৪ জানুয়ারি দেখানো হবে মৃণাল সেনের কলকাতা ত্রিলোজি ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’ এবং ‘পদাতিক’।
মৃণাল স্মরণ আয়োজনের দ্বিতীয় দিন দেখানো হবে ‘একদিন প্রতিদিন’, ‘চালচিত্র’ ও ‘অকালের সন্ধানে’। প্রতিদিন দুপুর ১২টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত চলবে।
ভারতীয় সিনেমায় ত্রয়ী হিসেবে পরিচিত ছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন। ঋত্বিক ও সত্যজিতের মৃত্যু হয়েছে বহু আগেই। শেষ পর্যন্ত গত রবিবার ( ৩০ ডিসেম্বর) মারা গেলেন মৃণাল সেনও। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলা ভাষার এই প্রভাবশালী নির্মাতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাংলাদেশেও।
নিজের প্রথম ছবি ছিলো ‘রাতভোর’, তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ১৯৫৯ সালে ‘নীল আকাশের নীচে’ ছবিটি তাকে চারদিকে পরিচিতি এনে দেয়। কলকাতা-৭১, পদাতিক, এক দিন প্রতিদিন, খারিজ, চালচিত্র ও ভুবন সোমের মতো বেশকিছু কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের ইতিহাসে দাগ কেটে গেছেন বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া মেধাবী এই নির্মাতা।
মৃণাল সেনের শেষ ছবি ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে। বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেন মৃণাল। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে মৃণাল সেন পদ্মভূষণ লাভ করেন এবং ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।







