বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি শান্তিপূর্ণ আন্দোলন করলে ঘরে বসে এবং অফিসে বসে করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না। রাস্তা বন্ধ করে কোন সভা সমাবেশ করা যাবে না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে করুন, অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?
রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার হল রুমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে লক্ষ্য করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে আপনারা অশান্তিপূর্ণ ক্ষেত্র তৈরী করছেন। ৫ জানুয়ারির মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?
খালেদা জিয়ার সাজা সম্পর্কে কাদের বলেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড না লং ট্রাম হবে তা সিদ্ধান্ত নিবে আদালত। খালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত যদি জামিন দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের কিছু করার নাই। যদি আদালত অনুমতি দেয়। এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিন পেলে নিয়ম অনুযায়ী পাবেন। না পেলে আদালত দেখবেন। এখানে সরকারের কোন প্রকার হস্তক্ষেপ নেই। আমাদের নেত্রী বলেছেন, অপকর্ম অপকর্মই আর অপরাধ অপরাধই। কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। পরে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভাপতি ড. হোসেন মনসুরের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য এবং সংসদ সদস্য ইমরান আহম্মেদ, একাব্বর হোসেন, নূরজাহান বেগম মুক্তা, প্রকৌশলী ফজলুল হক, আবু সালহে মো. সাঈদ প্রমুখ।








