শাকিব খান এখন মুক্ত। চলচ্চিত্রে কাজ করতে এখন আর তার কোনো বাঁধা নেই। তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা আর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার মধ্য রাতে রাজধানীর উত্তরায় বরেণ্য চিত্রনায়ক ফারুকের বাসায় চলচ্চিত্র পরিবার আর দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের মধ্যে সমঝোতা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক, শাকিব খান, পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক বাপ্পারাজ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান।
আলোচনার এক পর্যায়ে ফারুক ও শাকিব খান কোলাকুলি করেন। ভবিষ্যতে একসঙ্গে সমঝোতা এবং সৌহার্দপূর্ণ পরিবেশে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। একই সাথে সব ধরনের বহিস্কারাদেশ প্রত্যাহার করার ব্যাপারেও উভয় পক্ষ রাজি হন।
চিত্রনায়ক ফারুক বলেন, ‘শাকিব আমাদের ছেলে। ও যা করেছে, না বুঝে করেছে। এখন আর আমাদের মধ্যে কোন সমস্যা নেই। আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

শাকিব খান বলেন, ‘নিজেদের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ নেই। দিন শেষে আমরা একই পরিবারের সদস্য। এখন থেকে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।’
গত ২৮ আগস্ট সোমবার চ্যানেল আই অনলাইনে ‘পাল্টা সংগঠন গড়ছেন শাকিব খান’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর তৎপর হয়ে ওঠে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ।
যৌথ প্রযোজনার নিয়ম না মানার কারণে শাকিব ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে গত ২৩ জুন নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র পরিবার। একইসঙ্গে শাকিবের সঙ্গে এই জোটের অন্তর্ভুক্ত ১৮ সংগঠনের সব সদস্যকে কাজ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়। এটি অমান্য করার অভিযোগে সম্প্রতি ওমর সানি, মৌসুমী, বিদ্যা সিনহা মিমসহ আরও কয়েকজন শিল্পীকে সতর্ক করা হয়।







