চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে নেইমার এবং এমবাপে খেলবেন বলে নিশ্চিত করেছেন পিএসজি কোচ থমাস টুখেল।
বুধবার রাতে গ্রুপ ‘সি’র ম্যাচে খেলতে নামবে পিএসজি। এই গ্রুপে পিএসজি তিন নম্বরে। শেষ ষোলোয় যেতে হলে লিভারপুলের বিপক্ষে জিততে হবে তাদের। যদি তারা হেরে যায় এবং নাপোলি রেডস্টারকে হারিয়ে দেয়, তাহলে নেইমারদের বাদ পড়তে হবে।
২০ নভেম্বর নিজ নিজ দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নেইমার এবং এমবাপে। নেইমার এই মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ-১’এ ১৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি। ১৩ ম্যাচে এমবাপের গোল ১৩টি। তিনিও করিয়েছেন ছয়টি।
সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘নেইমার, এমবাপে শতভাগ সুস্থ। আগামীকাল তারা একাদশে থাকছে।’
গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের আক্রমণভাগ নিয়ে সতর্ক দলটির ম্যানেজার। তিনি বলেন, ‘সাদিও মানে, মোহামেদ সালাহ এবং রবের্তো ফিরমিনহোকে আমাদের ভালোভাবে সামলাতে হবে।’







