গাজীপুর মহানগরের কুনিয়া পশ্চিমপাড়া এলাকায় র্যাব পরিচয়ে সিকিউরিটি গার্ডকে জিম্মি করে মার্কেটে ডাকাতির ঘটনায় এক নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও টঙ্গীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
দুপুরে জিএমপি মেট্রোপলিটন সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাগারে বসে একে অপরের সাথে পরিচয় লাভ করে । জেল থেকে বের হয়ে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে ডাকাতি চালায়।
তিনি আরও জানান, সবশেষ গত ২১ মার্চ রাতে জিএমপি গাছা থানাধীন কুনিয়া পশ্চিম পাড়া এলাকায একটি মার্কেটের সিকিউর্টি গার্ডকে র্যাব পরিচয় দিয়ে জিম্মি করে। ১০/১২ জনের ডাকাত দল দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার সিগারেট ও নগদ টাকা লুটে নেয়।
এ ঘটনায় দোকান মালিক মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিততে অভিযান চালিয়ে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাতির সাথে জড়িত এক নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান কালে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয় এবং লুন্ঠিত নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।







