বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জোরালো লবিং করে রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে। মিয়ানমার সরকারের হেলিকপ্টার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও তারা জোরালো ভাষায় প্রতিবাদও করছে না।
সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এমন দাবি করেন।
তিনি বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের ওপর চলছে পৈশাচিক নির্মূল অভিযান। আর তারা যখন বাংলাদেশে পালিয়ে আসতে চায় তখন সরকারের বাহিনী তাদেরকে প্রতিহত করে। জাতিসংঘসহ বিভিন্ন বিশ্ব সংস্থা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানালেও সরকার পাষাণের মতো আচরণ করছে।
রিজভী বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও বাংলাদেশ সরকারের বাহিনীর মধ্যে অনেকাংশে মিল পাওয়া যায়। তাই তাদের নৈতিক মনোবল বা শক্তি না থাকায় জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে পারছে না। মিয়ানমার বাহিনী হেলিকপ্টার বারবার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সারা একটি প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।
তিনি বলেন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকলেও ঈদের আগে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সকল বাংলাদেশীদের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়াঁনোর আহবান জানিয়েছেন।









