রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ওয়ার্কিং কমিটি গঠনে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিবদের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেখানকার পররাষ্ট্রসচিব মিন থো।
বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৮টি মন্ত্রণালয় এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে অংশ নিতে মিয়ানমার থেকে এসেছেন ৬ সদস্যের প্রতিনিধিদল।
গত ২৩ নভেম্বর মিয়ানমারের নেপিদোতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়েই এই বৈঠক। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কিভাবে আবার ফেরত পাঠানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে অনুষ্ঠিত এই বৈঠকে।










