মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ক্যাম্পগুলোতে পানির তীব্র সংকটে ভুগছেন। এসব মানুষের পানির কষ্ট লাঘবে ইউনিসেফ ও তার সহযোগীরা উচ্চ ধারণ-ক্ষমতার পানির ট্যাঙ্ক বসাচ্ছে পাহাড়ের উপর।
ফলে পানি সংগ্রহ করতে আর দূরের পথ পাড়ি দিতে হবে না রোহিঙ্গাদের।
কক্সবাজারের উচিপ্রাং রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রচুর মানুষ পাহাড়ের উপর বসবাস করছে। দৈনন্দিন খাবার পানি সংগ্রহ করতে তাদের পাহাড়ি পথ ঠেলে অনেক দূরে যেতে হয়।
আশ্রয় শিবিরে বসবাসকারী এক রোহিঙ্গা পরিবারের প্রধান আব্দুল বাকের বলেন, আমাদের পরিবারের মহিলা ও শিশুদের দিনের অনেকটা সময় লেগে যায় নিরাপদ পানি সংগ্রহ করতে এবং অনেক ক্ষেত্রেই তাদের এক কলস পানি আনতে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তাছাড়া কাজটা অনেক কষ্টসাধ্যও বটে।
এসব মানুষের পানির কষ্ট লাঘব করতে ইউনিসেফ ও তার সহযোগীরা এগিয়ে এসেছে। তারা উচ্চ ধারণ-ক্ষমতার পানির ট্যাঙ্ক বসাচ্ছে পাহাড়ের উপর। ইউনিসেফ বাংলাদেশ জানিয়েছে, রোহিঙ্গাদের পানির কষ্ট কমাতে তারা এগিয়ে আসায় আশ্রয় নেয়া মানুষগুলোকে পানির জন্য আর দূরে যেতে হবে না।







