কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় মাটির দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে শিশুটির মা।
সোমবার সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী।
নিহত ৩ বছর বয়সী শিশুটির নাম জানা সম্ভব না হলেও তার বাবার নাম আব্দুর শুক্কুর বলে জানান ইউএনও।
নিকারুজ্জামান বলেন, গত ২ দিন ধরে উখিয়ায় ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। এ নিয়ে সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে।
এতে মাটির দেয়াল চাপায় কুতুপালং ডি-৭ রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে ৩ বছরের এক শিশু নিহত এবং তার মা আহত হয়।
মৃতদেহটি উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ইউএনও নিকারুজ্জামান।










