ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। রেড ডেভিলদের আশানুরূপ সাফল্য দেয়ার ধারেকাছেও যেতে পারেননি পাঁচ ব্যালন ডি’অরের মালিক। শেষপর্যন্ত কোচ রালফ রাঙ্গনিক জানিয়ে দিলেন, আসন্ন গ্রীষ্মের দলবদলে পর্তুগিজ সুপারস্টার চলে যেতে চাইলে আটকানোর চেষ্টা করবে না ম্যানইউ।
ম্যানইউয়ে ফিরে এপর্যন্ত ২৭ ম্যাচে ১৫ বার বল জালে পাঠিয়েছেন রোনালদো। ২০১০ সালের পর গোলের দীর্ঘ খরায় ভুগে ৬ ম্যাচের অপেক্ষা ঘুচিয়ে ব্রাইটনের বিপক্ষে জালের দেখা পেয়েছেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড।
রাঙ্গনিকের অধীনে ভালো নেই রোনালদো, এমন গুঞ্জন ছিল। সেটি নিয়ে আলোচনা বাড়ছে ক্রমেই। এরমাঝেই প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে নামার আগে কথা বলেছেন রেড ডেভিল কোচ।
‘সত্যি বলতে আমি রোনালদোর দল ছাড়া সম্পর্কে এখন পর্যন্ত অবগত নই। আমরা খেলায় মনোযোগ দিতে চাই। সে আমাদের অন্যতম সেরা ফুটবলার। সে এখানে থাকতে না চাইলে আমরা তাকে আটকাব না। তবে আমাদের অনেককিছু দেয়ার আছে তার।’
রোনালদো নিজের পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছেন। ম্যাচের মাঝে রাঙ্গনিক তাকে উঠিয়ে নিচ্ছেন। বিরক্তি ফুটে উঠছে রোনালদোর চোখে মুখে। কিছু ম্যাচে কোনো কারণ ছাড়াই রাঙ্গনিক মাঠে নামাননি সিআর সেভেনকে। যা ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
রোববার রাতে ম্যানইউ মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। রোনালদোর অবশ্য সুযোগ থাকছে আপন আলোয় উজ্জ্বলতা কাড়ার।








