ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হয়ে রুবেন আমোরিম যোগ দিয়ে মার্কাস র্যাশফোর্ডকে একেবারে দলের বাইরে পাঠিয়েছিলেন। তাকে ধারে অ্যাস্টন ভিলাতে পাঠানোর পর মৌসুম শেষে আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরবেন। এবার ভিন্ন লিগে যাওয়ার কথাও চিন্তা করছেন ইংলিশ উইঙ্গার। বেতন কমিয়ে হলেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে যেতে চান ২৭ বর্ষী তারকা।
বার্সাতে যাওযার জন্য র্যাশফোর্ড ইতিমধ্যে পিনি জাহাভিকে নিয়োগ করেছেন আলোচনার জন্য। এ এজেন্টের বার্সেলোনার সাথে দারুণ সম্পর্ক আছে। রবার্ট লেভান্ডোভস্কি ও হ্যান্সি ফ্লিককে কাতালানদের ক্লাবে যোগ দিতে ভালো ভূমিকা রেখেছিলেন তিনি।
প্রতিবেদনে এসেছে র্যাশফোর্ডের এবারের আলোচনা হবে একেবারে ভিন্ন। তাকে ধারে নেয়ার পর কিনে নেয়ারও সুযোগ থাকবে ক্লাবের হাতে। তবে রেড ডেভিলরা চায় স্থায়ী কোনো সমাধান। এজন্য তার মূল্য নির্ধারণ করেছে ৪০ মিলিয়ন ডলার। অ্যাস্টন ভিলা তাকে কিনতে আগ্রহী হলেও র্যাশফোর্ড স্পেনে যেতে চান।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপার্তিভো জানাচ্ছে, বার্সেলোনাতে যোগ দিতে র্যাশফোর্ড সাপ্তাহিক বেতন ৩,২৫,০০০ পাউন্ড থেকে কমাতে চান। যদিও ম্যানচেস্টারের সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে তার। মৌসুমের মাঝামাঝি ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে ১৭ ম্যাচে চার গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন তিনি।








