স্প্যানিশ লা লিগায় দুর্বল গ্রানাদার বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আলাভেসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। হাতছাড়া হয় বেশ কয়েকটি সুযোগ। প্রথমার্ধের ৪৮ মিনিটে মিডফিল্ডার রাফিনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সা। বাকি সময়ে গোল ব্যবধান বাড়াতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমারের কোন চেষ্টাই সফল হয়নি।
অন্য ম্যাচে প্রথম গোল অবশ্য করেছিল আলাভেস। ম্যাচের সপ্তম মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেইভেরসন।
এরপর গোলশোধে মরিয়া রিয়ালের পক্ষে সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। গ্যারেথ বেলের ফ্রি-কিকে বল দেইভেরসনের হাতে লাগলে পেনাল্টি দে ন রেফারি।
৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে রোনালদোর জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে জালে জড়ায়, ২-১। ৭৯ মিনিটে রোনালদোকেই ডি-বক্সের মধ্যে সার্বিয়ার ডিফেন্ডার নেনাদ ক্রিসতিচিচ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।, কিন্তু পেনাল্টি মিস করেন রোনালদো। নীচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক পাচেকো।
বেনজেমার বদলি নামা মোরাতা ৮৪ মিনিটে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিজেদের সীমানা থেকে মার্সেলোর উঁচু বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দৌড়ে ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান স্পেনের এই স্ট্রাইকার।
৮৮ মিনিটে আবারও গোলের মাধ্যমে রোনালদোর হ্যাটট্রিক পূর্ণ হয়। মার্সেলোর সঙ্গে একবার বল দেওয়া করে এবারের লিগে নিজের পঞ্চম গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক।
রাতের অন্য ম্যাচে মালাগাকে ৪-২ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ, লেগানিসকে ২-০ গোলে হারায় রিয়াদ সোসিয়েদাদ। এছাড়া স্পোর্টি গিজন ও সেভিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
শীর্ষস্থান ধরে রাখা জিনেদিন জিদানের দলের পয়েন্ট ১০ ম্যাচে ২৪। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে বার্সা। অ্যাটলেটিকো এবং সেভিয়ার পয়েন্ট সমান ২১ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তিননম্বরে অ্যাটলেটিকো।








