চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে আগামী ২৭ মে। কিন্তু গত ৪ মে উয়েফার সরকারি ওয়েবসাইটে আচমকাই একটা খবর ভেসে উঠে, ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ উইনার লিভারপুল!
পরে উয়েফা বিবৃতি দিয়ে জানায়, ভুল করেই তাদের ওয়েবসাইটে ওই খবর প্রকাশিত হয়। তবে উয়েফার মতো প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটায় অল্প সময়েই তা নিয়ে বিতর্ক শুরু হয়।
সেই বিতর্ক থামতে না থামতেই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। লিভারপুলের জেতা নিয়ে ভুল খবরটাই সত্যি হলে খুশি হবেন উয়েফার সাবেক একজন কর্মকর্তা। এবারও রিয়াল শিরোপা জিতলে চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যুও দেখছেন তিনি।
থমাস গ্রিম নামের এই কর্মকর্তা বর্তমানে ইউক্রেন প্রিমিয়ার লিগের প্রেসিডেন্ট। আর ইউক্রেনের কিয়েভেই হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
গ্রিম এর আগে কাজ করেছেন উয়েফার লিগ্যাল ডিপার্টমেন্টের হেড হিসাবেও। রিয়াল-লিভারপুল ফাইনালের আগে তিনি বলেছেন, ‘লিভারপুল জিতলে সেটা উয়েফার জন্যেই ভালো হতে পারে। নতুন চ্যাম্পিয়ন দল পাওয়া উয়েফার অগ্রাধিকার হওয়া উচিত।’
ইউক্রেনিয়ান সংবাদপত্র সিগোর্ডনিয়াকে দেয়া সাক্ষাতকারে গ্রিম বলেন, ‘একই দল টানা তিনবার চ্যাম্পিয়ন হলে প্রতিযোগিতার মৃত্যু হতে পারে। মাদ্রিদের বেশকিছু দারুণ খেলোয়াড় আছে, কিন্তু প্রতিযোগিতামূলক দৃষ্টিকোণ থেকে দেখলে একটা নতুন দল জিতলে সেটা আরো বেশি ভালো হবে।’
গ্রিম পেশায় একজন আইনজীবী। তিনি বিভিন্ন কাজে ফিফার সঙ্গেও যুক্ত আছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ইউক্রেন ফুটবল ফেডারেশনের লিগ্যাল অ্যাডভাইজার হিসাবেও কাজ করেছেন।







