লা লিগায় সেভিয়ার ডেরায় রোমাঞ্চকর ম্যাচে শেষ সময়ে করিম বেনজেমার গোলে রিয়াল মাদ্রিদ জয় পেলেও। রেফারির কয়েকটি সিদ্ধান্ত খুশি করতে পারেনি বস কার্লো আনচেলত্তিকে।
ম্যাচের ৭৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়ালের সমতায় ফেরার কথা থাকলেও রেফারি হ্যান্ডবলের কারণ দেখিয়ে সেই গোল বাতিল করায় সমতায় ফেরা হয়নি কার্লো আনচেলত্তির দলের। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল কোচ।
‘সত্যি বলতে আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে ভিনিসিয়াসকে হ্যান্ডবল দিতে পারে? অন্যদিকে একই ধরনের ঘটনায় দিয়েগো কার্লোসের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত এসেছে। এই পরিস্থিতি মূল্যায়ন করা কঠিন। ক্যামাভিঙ্গাকে একটি লাল কার্ড দিলে তাদের পরিকল্পনাকে সম্পূর্ণ হতো! কিন্তু সেটা করতে পারেনি। ভিনিসিয়াস আমাকে নিশ্চিত করেছে, সে বাহু দিয়ে বল স্পর্শ করেনি।’
তবে দুই গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত যোগ করা সময়ে করিম বেনজেমার গোলে ম্যাচে জয় পাওয়ায় কিছুটা হলেও আনচেলত্তি। ম্যাচ শেষে বলেন, এই দলটি বিশেষ কিছু করতে সক্ষম। আমরা আত্মবিশ্বাস হারায়নি। আমি মনে করি পিএসজি এবং চেলসির বিপক্ষের দুটি ম্যাচ আমাদের বিশ্বাস করতে সাহায্য করেছে। সবাই রিয়াল মাদ্রিদের পিছলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু রিয়াল মাদ্রিদ পিছলে যাবে না।’
এ দিন নিজেদের ডেরায় শুরুটা দারুণ করে সেভিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে রিয়ালের রক্ষণভাগ। ম্যাচের ২১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে দলকে লিড এনে দেন ইভান রাকিটিচ। গোল করার ৪ মিনিট পর ফের এরিক লামেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে জুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। পিছিয়ে পরে সমতায় ফিরতে একাধিক চেষ্টা চালিয়েও পিছিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধে নেমে রড্রিগোর গোলে ব্যবধান কমায় রিয়াল। এরপর ৭৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফিরলেও পরে তা রেফারি বাতিল করে দেয়। এরপর কারভাজালের বাড়িয়ে দেয়া বলে দারুণ গোলে দলকে সমতায় ফেরায় ফার্নান্দেজ। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হলে অতিরিক্ত যোগ করা সময়ে রদ্রিগোর বাড়িয়ে দেয়া বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন বেনজেমা।
এ জয়ে যথারীতি টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। আগামী ২১ এপ্রিল ওসাসোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল।







