বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।
একইদিন বিকাল পৌনে ৫টার দিকে রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিলিপিন্সের ইংরেজি দৈনিক ইনকুয়ারারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেফতারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিলো। রাতে তিনি সেখানেই ছিলেন। জামানত দিয়ে আদালত থেকে জামিন পান। আদালতের আদেশ রাতে কারাগারে এলে তাকে ছেড়ে দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় এর আগে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো। বুধবার দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করে ফিলিপিন্স পুলিশ।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান।
এ মামলায় মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেফতার করা হয়।
মায়ার বিরুদ্ধে অভিযোগ বেশ আগে থেকেই ছিলো। এর প্রেক্ষিতে গত মার্চে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।










