রায়হান হত্যা মামলায় কনস্টেবলের জামিন নামঞ্জুর

বিভিন্ন মানুষ একটি ভবনের সামনে জমায়েত হয়েছে, রায়হান হত্যা মামলার জামিন বাতিলের প্রতিবাদে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার আসামী পুলিশ কনস্টেবলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রায়হান হত্যা মামলার আসামী পুলিশ কনস্টেবল হারুনুর রশিদের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন।
শুনানী শেষে আদালতের বিচারক মো. আব্দুর রহিম জামিনের আবেদন নামঞ্জুর করেন। শুনানীকালে হারুনকে আদালতে আনা হয়নি।
রায়হানের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী বলেন, আদালতে পুলিশ কনস্টেবল হারুন জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। জামিন শুনানীকালে আমরা জামিনের বিরোধিতা করেছি।
জামিন নামঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম।
মঙ্গলবার সকাল ১১টায় আসামীদের জামিনের বিষয়ে খবর পেয়ে রায়হানের মাসহ তার পরিবারের লোকজন আদালত প্রাঙ্গণে হাজির হন।
গত বছরের ১১ অক্টোবর ভোররাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রায়হানের মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর এসআই আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।






