বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ
আমলে নিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আনা নাশকতার আটটি মামলায় ১০ অক্টোবর
পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
বিভিন্ন অভিযোগে দায়ের করা ১২টি মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপি বেগম খালেদা জিয়া। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে যাত্রা করে তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান।
আদালতে পৌঁছেই দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার আট মামলায় ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে হাজির হন। অন্য মামলাগুলোতেও তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
নাশকতার বাকি ৩ মামলার অভিযোগ আমলে নেয়ার শুনানি হবে ৭ সেপ্টেম্বর। একইদিন বড়পুকুরিয়া কয়লাখনি দুুর্নীতি মামলায় দ্বিতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দেন বেগম খালেদা জিয়া।
এরপর নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে যান ৯ নম্বর বিশেষ জজ আদালতে। ওই আদালতে চার্জগঠনের শুনানি পেছাতে বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেন বিচারক।
দুর্নীতির ওই দুই মামলায় আগে থেকেই জামিনে আছেন বিএনপি চেয়ারপার্সন। পরে নাশকতার এক মামলায় জামিন চাইতে সিএমএম আদালতে যান বিএনপি বেগম জিয়া। ওই আদালতও তার জামিন আবেদন মঞ্জুর করেন।
সোয়া তিন ঘণ্টা আদালতে আদালতে হাজিরা দিয়ে বিকেল তিনটার দিকে তার বাড়ির পথে রওনা হন বেগম খালেদা জিয়া।







