ডেমোক্রেটিক দল এবং নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাকিংয়ের পাল্টা জবাব হিসেবে ‘একই অনুপাতের’ প্রতিক্রিয়া দেখানোর অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাশিয়ার হ্যাকিংয়ের জবাবে যুক্তরাষ্ট্রও তার সাইবার ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ওবামা তার বক্তব্যের মধ্য দিয়ে আভাস দিয়ে বলেছেন, “তারা আমাদের সাথে যা কিছুই করুক, আমরাও চাইলে সেগুলো তাদের সঙ্গে করতে পারি।”
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইমেইল হ্যাকিং বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেপ্টেম্বরেই সতর্ক করেছিলেন বলে জানান ওবামা। বড়দিনের ছুটিতে যাওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুশ প্রেসিডেন্ট হ্যাকিংয়ের ব্যাপারে আগে থেকে জানতেন- সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত করে ওবামা বলেন, পুতিনের নির্দেশের বাইরে রাশিয়ায় কোনো কিছুই ঘটে না।
অন্যদিকে রুশ হ্যাকাররা মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে হ্যাকিংয়ে জড়িত ছিল বলে ওবামা’র দাবিকে অশোভন বলেছে রাশিয়া।
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পরাজয়ের জন্য রাশিয়ার হ্যাকিং এবং এফবিআই পরিচালক জেমস কোমিকে দায়ী করেছেন। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিং আলোচনার পর হিলারি এই প্রথম তার পরাজয়ে রুশ হ্যাকিংয়ের ভূমিকা ছিল বলে দাবি করেন।







