ধর্মপ্রচার বন্ধ না করলে গুলি করে হত্যার হুমকি দিয়ে রাজধানীর বাসাবোর
বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে।
এ ঘটনার পর ওই
মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে মন্দির এলাকায় গোয়েন্দা
নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবুজবাগ থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে জনগণকে পরামর্শ দেওয়া হয়।
গত ১৫ জুন একই কায়দায় আইএসের নামে চিঠি পাঠিয়ে রামকৃষ্ণ মিশনের গুরু সেবানন্দকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
যদিও ওই ঘটনার তদন্তের পর পুলিশ দাবি করে আইএস নয় ব্যক্তিগত রেষারেষির কারণেই এভাবে হুমকি দেওয়া হয়।
তবে দু’টি হত্যা হুমকিতেই মিল রয়েছে। রামকৃষ্ণ মিশনে যে নামে চিঠি পাঠানো হয়েছিলো বাসাবো পুরোহিতকেও একই নামে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এবারের চিঠিটিও আগের মতোই হাতে লেখা এবং চিঠির শেষে প্রেরক হিসেবে এ.বি সিদ্দিকের নাম রয়েছে।
ওই চিঠিতে প্রেরকের ঠিকানা থেকে এবি সিদ্দিক নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তলব করে আনে পুলিশ। পরে তার হাতের লেখা পরীক্ষা করে চিঠির লেখার সঙ্গে না মেলায় তাকে ছেড়ে দেয়া হয়।








