রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) সপ্তমবারের মত এ মেলার আয়োজন করে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা চাকরি প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের মেলায় বাংলাদেশের ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেবে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত বুথে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেয়। এছাড়া চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরেও একটি বুথ স্থাপন করা হয়েছে।
মেলার দ্বিতীয় দিন প্রতিষ্ঠানগুলো জমাকৃত জীবনবৃত্তান্ত থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে। মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে ক্যারিয়ার সম্পর্কিত ৫টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
এছাড়াও মেলা প্রাঙ্গনে রাবির প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৫টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।








