রাবিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যবিপ্রবিসাসের মানববন্ধন

ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন,সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. ইমরান হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. রকিবুল হাসান তারেক এবং যবিপ্রবিসাসের সদস্য ও আরটিভির প্রতিনিধি আলফাজ হোসেন আরবি।
মানববন্ধনে যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, “ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি সংকটে সাংবাদিকরা মানুষের অধিকার ও সত্যের পক্ষে কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের এমন অসহায়ত্বও গভীর প্রশ্নের জন্ম দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।”
যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। ২০২৪ সালের গণআন্দোলনে সাংবাদিকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বর্তমান ক্ষমতাসীন দল ও ছাত্রদল হয়তো তা ভুলে গেছে, অথবা ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা সাংবাদিকরা কখনো অস্ত্রের মুখে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।
তিনি বলেন, গত ২৫ মে ২০২৫ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অন্তত ৩৪ জন ক্যাম্পাস সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এর মধ্যে তিতুমীর কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস সাংবাদিকরা হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। সর্বশেষ ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।






