আইপিএলের ১১তম আসরে প্রথমবারের মতো দেখা হচ্ছে সাকিব-মোস্তাফিজের। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সাকিবদের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
দলের প্রথম ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সেরা সফল বোলার ছিলেন সাকিব। ওই ম্যাচে হায়দরাবাদ ৯ উইকেটের জয় পায়। প্রথম ম্যাচের পারফর্ম্যান্স বিবেচনা করলে এই ম্যাচে সাকিবের মাঠা নামা নিশ্চিত হওয়ার কথা।
মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩.৫ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচ করে এক উইকেট নেন। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল সাত রান। ফিজ আক্রমণে এসে প্রথম তিন বল ডট দিলেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন। খুব একটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ একাদশে টিকে যেতে পারেন। হায়দরাবাদের উইকেট বরাবরই পেস বান্ধব। ওদিকে মুম্বাইয়ের পেস বহর থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন প্যাট কামিন্স। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও ইনজুরি। তাই পেসার হিসেবে ফিজের খেলার সম্ভাবনা বেশি।
এক ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় হায়দরাবাদ। মাঠে নামা একমাত্র ম্যাচে হেরে মোস্তাফিজের মুম্বাই ছয় নম্বরে।







