ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় একটি নিবন্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ লেখার দায়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অব্যাহতির পর এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে সমাবেশ করছে ছাত্রলীগ। উপাচার্য ভবনের গেইটে তালা লাগিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
রাত ৮টা’র মধ্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবি জানাচ্ছে তারা। তবে স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করে এই প্রকাশনার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন উপাচার্য।
এর আগে বিকাল ৩ টায় উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের গাড়ির ওপর চড়াও হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্য বিরোধী স্লোগান দেয়া শুরু করে ছাত্রলীগ।
দুপুরে ইতিহাস বিকৃতির অভিযোগে নিবন্ধটির লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে দুপুরে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মুক্ত হন তিনি।
৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়া হল নিয়ে রেজিস্ট্রার ‘স্মৃতি অম্লান’ নিবন্ধে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং জগন্নাথ হলকে ‘সংখ্যালঘুদের হল’ হিসেবে উল্লেখ করায় প্রকাশনাটি সকালেই বাজেয়াপ্ত ঘোষণা করেন উপাচার্য।
৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় অনুযায়ী সেনা শাসকদের ক্ষমতাগ্রহণ অবৈধ ছিলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারও অজানা নয়। অথচ স্মরণিকাটিতে ‘স্মৃতি অম্লান’ শিরোনামে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন প্রকাশনার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।
ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত নাকি ‘মুদ্রণ ত্রুটি’ তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য অনুষ্ঠান উদ্বোধন শেষে টিএসসিতে এক আলোচনা সভায় স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকার লেখায় জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সুভাষ সিংহ রায়। পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।








