বিদ্যুৎবিভ্রাটের কবলে রাজশাহী। কাটাখালী ১৩২/৩৩ কেভি সঞ্চালন কেন্দ্রে তিনটি ব্রেকার পুড়ে যাওয়ায় রাজশাহীর মানুষ পড়েছে চরম বিপাকে। গত বুধবার বিকেলে বৃষ্টির পর হঠাৎই চলে যায় বিদ্যুৎ। রাত ৯টায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কিছুক্ষণ পর আবার চলে যায়। এরপর রাত ১২টার পর পিজিসিবির তিনটি ফিডারে আগুন লেগে যাওয়ার কারণে অন্ধকারে রাজশাহী নগরী।
রাতে আগুন দেখা কর্মরত দারোয়ান জানালেন, অনেক দূর থেকে সাদা আলো দেখা গিয়েছে। বিকট আওয়াজও হয়েছে। রাত থেকেই মেরামতের কাজ শুরু হয়। ব্রেকারের অংশ সিটি/বিটি সার্কিট পুড়ে তার থেকে শুরু করে যন্ত্রাংশ সবই গলে গিয়েছে।
তবে তদারকি সংস্থা পিজিসিবি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় কর্তারা দিনভর কাজ করছে। তবু বিদ্যুৎ বিভ্রাট ২৪ ঘণ্টা পরেও কাটেনি।
এক নম্বর ফিডার সারাই করে বেরিয়ে আসা লাইনম্যানদের একজন বললেন, তার দীর্ঘ চাকরিজীবনে এরকম ঘটনা দেখেননি। এটা অস্বাভাবিক বলেই তিনি মনে করেন। জাতীয় গ্রিডে বিপর্যয় হলেও কখনো বারো ঘণ্টার বেশি সারাইয়ে লাগে নি। অথচ এখানে ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সব মেরামত করা যাচ্ছে না।
পিজিসিবির একজন প্রকৌশলী জানালেন, কোম্পানির সঙ্গে বিদ্যুৎ বোর্ডের রশি টানাটানির কারণেই সমস্যা প্রকট হয়েছে। ঠিক কটা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সাংবাদিকরা জানতে চাইলে অনিশ্চিতভাবে মাথা নেড়ে প্রকৌশলী বললেন, ‘জানি না রে ভাই। আজকের ভেতর হলে তো বাঁচি’ আর কোনো জবাব না দিয়ে বড় কর্তাদের কাছে চলে গেলেন প্রকৌশলী।







