রাজধানীর মিরপুরে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় রূপনগর থানা পুলিশের উত্তম কুমার সরকার নামের এক পুলিশ উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
এ ঘটনায় ঘাতক বাসটি ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে রাইনখোলা মোড়ে বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত এসআই উত্তম রুপনগর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়।
মিরপুরের শাহ আলী থানা পুলিশ জানায় বিকেলে মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিনো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দসহ বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নি।







