যৌন হয়রানিকে ‘অপরাধ’ হিসেবে চিহ্নিত করে অপরাধীর বিরুদ্ধে শাস্তির বিধানে অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে জেদ্দায় সৌদি ক্যাবিনেটের এক অধিবেশনে এ বিষয়ক এক আইনে সমর্থন জানানো হয়।
সোমবার সৌদি শূরা কাউন্সিলে প্রথম অনুমোদিত হওয়া ওই আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ৬৮ লাখ টাকা) অর্থদণ্ড দেয়া হবে।
শূরা কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই আইনের লক্ষ্য হলো হয়রানির অপরাধের সঙ্গে লড়াই করা, একে প্রতিহত করা, দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা এবং ভুক্তভোগীদের গোপনীয়তা, মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে তাদের নিরাপত্তা বিধান করা। এই অধিকারগুলো ইসলামিক আইনে নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবে যেকোন রাজকীয় নির্দেশ আইনে পরিণত করার জন্য তার খসড়া ক্যাবিনেটে পাস হতে হয়। এ প্রক্রিয়ায় সোমবারের বৈঠকে অনুমোদন পাবার মধ্য দিয়ে যৌন হয়রানির সাজার খসড়া আইনটি চূড়ান্ত আইন হয়ে গেল।








