শুরুতে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরা। পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েও লিড ধরে রাখার ব্যর্থতা। আর যোগ করা সময়ের শেষের দিকে জয়সূচক পেনাল্টি। ৩-২ গোলের নাটকীয় ম্যাচে লিডস ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। আরেক ম্যাচে মোহামেদ সালাহর গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে লিভারপুল।
শনিবার প্রিমিয়ার লিগের লিগ ম্যাচে স্টাম্পফোর্ড ব্রিজে লিডসের বিপক্ষে গোল করেছেন মাউন্ট। পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন জর্জিনো। লিডসের হয়ে পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা ও গোল পেয়েছেন গেলহার্ড। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।
দারুণ জয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ১৬ ম্যাচে ১১ জয় চার ড্র আর ১ হারে তাদের পয়েন্ট ৩৭। এক পয়েন্ট কম থাকা চেলসি ১৬ ম্যাচে ১১ জয়ের বিপরীতে তিন ড্র আর দুই হারে রয়েছে।
উত্তেজনায় পরিপূর্ণ লিডস ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েও শেষ সময়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে চেলসি। তিন পেনাল্টির ম্যাচে শেষ দিকের গোলে নাটকীয় জয় পেয়েছে টমাস টুখেলের দল।
বল দখলে প্রায় সমানে সমান থাকা লিডস ছয়টি শটের পাঁচটি গোলের লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে স্বাগতিকরা ১১ শটের ৬টি থাকে লক্ষ্যে। পেনাল্টি থেকে জোড়া গোল করেন জর্জিনো।

অন্য ম্যাচে, আনফিল্ডে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে লিভারপুল। ৬৩ শতাংশ বল দখলে রেখে স্বাগতিকরা ১৩টি শট নেয়, লক্ষ্যে থাকে ৫টি শট। বিপরীতে দুটি শট নিলেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি অ্যাস্টন ভিলা।
ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সালাহ। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হারার পর শেষ ২০ ম্যাচে প্রথমে গোল করে আর হারেনি লিভারপুল। শেষার্ধে দুদলেই আক্রমণের ধার বাড়ালেও জালের দেখা পায়নি কেউ।








