২০১৮ সালের যুব বিশ্বকাপে গত আসরের চেয়ে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড।
নিউজিল্যান্ডে আগামী বছর ১২ জানুয়ারি (স্থানীয় সময় অনুসারে ১৩ জানুয়ারি) থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথমদিন তিনটি ম্যাচ হবে। একটি ম্যাচে বাংলাদেশ লড়বে নামিবিয়ার বিপক্ষে।
গত বছর ঘরের মাঠে আয়োজিত যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হাসান শান্তরা। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের।
মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে মাঠের লড়াইয়ে নামবে ১৬টি দল। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার। টুর্নামেন্ট শুরুর দিনেই স্বাগতিকদের মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ক্যারিবীয়রা। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনির সঙ্গে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের চার দল পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সুপার লিগে। অর্থাৎ সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট আটটি দল।
নামিবিয়া এবং কানাডাকে হারানো বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা নয়। ম্যাচ দুটি জিতলে পরের ধাপে যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যাবে। চোখ রাঙাতে পারে শুধু ইংলিশরা।








