২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা এনে দেয়া কোচ নাভিদ নাওয়াজ ফিরেছেন আবার। ২০২৬ বিশ্বকাপ ঘিরে কাজও শুরু করে দিয়েছেন এ লঙ্কান। শুক্রবার ৩৯ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে শুরু করেছেন কর্মযজ্ঞ।
ক্যাম্পের সময় যত গড়াবে, ছোট হয়ে আসবে দল। আগামী বিশ্বকাপের আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেখানে বড় স্বপ্ন বাংলাদেশের।
দুবছরের নতুন দায়িত্বে নাভিদের মেয়াদ শুরু হয়েছে ১ জুলাই থেকে। এবার অবশ্য তার দায়িত্বের পরিধি বেড়েছে। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের আওতাধীন বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং কোচ হিসেবেও কাজ করবেন।
আকবর আলীর নেতৃত্বে ২০২০ বিশ্বকাপে শিরোপা জয়ের পর কোচ নাভিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি। ২০২২ যুব বিশ্বকাপেও তার কোচিংয়ে খেলে বাংলাদেশ। দল ভালো না করায় চুক্তিও নবায়ন হয়নি।
সেবছরের এপ্রিলে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নাভিদ। জুলাই থেকে ২ বছরের জন্য বিসিবির সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন।








