ঘরের মাটিতে বিশ্বকাপে জাতীয় দল ফাইনাল খেলতে না পারলেও নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল যুবদল। ক্রাইস্টচার্চের প্রথম সেমিতে সেনেগালকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিলের যুবারা।
ম্যাচের পাঁচ মিনিটে সেনেগালিজ খেলোয়াড় আনদা কোরেয়া’র আত্মঘাতি গোলে এগিয়ে যায় পাঁচ বারের যুব চ্যাম্পিয়নরা।
দুই মিনিট পরই গোল করে ব্যবধান বাড়ান মারকোস গুইলহেরমে। এরপর ১৯ মিনিটে বসচিলিয়া ও ৩৫ মিনিটে জর্জ গোল করলে প্রথমার্ধেই ব্রাজিলিয়ান তরুণদের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে গুইলহেরমে দ্বিতীয় গোল করলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় সেলেকাওদের। জয়ে নবমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলো ব্রাজিলিয়ান তরুণরা।







