অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে নেপাল। আগের ম্যাচে এই দলটির বিপক্ষে বাংলাদেশকে জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
যুব ক্রিকেটে ভারত বরাবর শক্তিশালী। নেপাল সেখানে এক সময় কিছুই ছিল না। কিন্তু ধীরে ধীরে দলটি নিজেদের অন্য উচ্চতায় নিয়ে এসেছে।
অধিনায়ক দিপেন্দ্র সিংয়ের দাপটে নেপাল এদিন ১৯ রানে জয় পায়। তার ৮৮ রানের ইনিংসে ভর করে দলটি ৮ উইকেটে ১৮৫ রান তোলে। এরপর বল হাতে ৩৯ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে ভারত এক সময় এক উইকেট হারিয়ে ৯১ তুলে ফেলেছিল। সেখান থেকে দিপেন্দ্রর যাদুকরী বোলিংয়ে ১৬৬ রানে গুটিয়ে যায় ভারত।
ভারতীয় ব্যাটসম্যানরা এদিন শুরুতে দাপট দেখায়। হিমাংশু রানা ৩৮ বলে ৪৬ রান করে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন। এক সময় ৯ উইকেট হাতে রেখে ২৭ ওভারে তাদের ৯৬ রান দরকার ছিল।
ম্যাচ ঘুরে যায় দিপেন্দ্র যখন অথর্ব তাইদেকে সাজঘরে ফেরান। অধিনায়কের সঙ্গে ভারতকে কাঁপিয়ে দিতে ভূমিকা রাখেন পবন সারাফ। ২৪ রানে দুই উইকেট নেন তিনি। শালাব আলম ১১ রান খরচায় দুইজনকে ফেরান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে দুই উইকেটে হারা নেপাল মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। মালয়েশিয়াকে ২০২ রানে উড়িয়ে দেয়া ভারত একই দিন বাংলাদেশের মুখোমুখি হবে।







