ক্রিকেট

মোস্তাফিজকে নিয়ে স্বস্তি মিলল স্ক্যান রিপোর্টে

Cricket player bowling during a match at a stadium in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Cricket player in red uniform bowling during a match with spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

মাথায় বলের আঘাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে দুশ্চিন্তা কমেছে। স্বস্তির খবর মিলেছে সিটি স্ক্যান রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ বাঁহাতি পেসারের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র মাথার বাহ্যিক অংশে। একটু ক্ষত হওয়ায় সেখান দিয়ে রক্ত ঝরেছে। তবে মাথার ভেতরের অংশে বা মস্তিষ্কে কোনোরকম প্রভাব পড়েনি।

টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে এক বার্তায় কুমিল্লা জানায়, ‘সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট যে তার শুধুমাত্র বাহ্যিক আঘাত ছিল, কোনো ইন্ট্রা-ক্র্যানিয়াল রক্তপাত ছিল না।’

আঘাতপ্রাপ্ত স্থানে সেলাই দেয়া হয়েছে বলে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। আপাতত ইম্পেরিয়াল হাতপাতালেই আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে মোস্তাফিজকে। তারপর টিম হোটেলে নেয়া হবে। আপাতত শঙ্কামুক্ত মোস্তাফিজ।

রোববার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফাটে মোস্তাফিজের। রক্তাক্ত ক্রিকেটারকে তাৎক্ষনিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ম্যাচ নেই। বিরতির দিন সাগরিকায় অনুশীলনে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার খেলোয়াড়রা। বল করে রান আপ নিতে ফিরছিলেন মোস্তাফিজ। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। কোচের দিকে যাওয়ার সময়ই ম্যাথু ফোর্ডের ব্যাটের জোরালো শটে বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে প্রচুর রক্ত ঝরে।

দৌড়ে ফিজিও এসে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ লাগিয়ে দেন। প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই চলে আসে অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে তাকে তুলে ফিজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিষয়:আহত বিপিএল-২০২৪ মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…