জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সভাপতি, মুজিবনগর সরকারের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম নামাজে জানাযা হয়েছে।
সংসদ ভবনে মোজাফফর আহমদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং পরে অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ রাখা হবে।
শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোজাফফর আহমদের দ্বিতীয় জানাযা এবং রোববার সকাল ১০টায় কুমিল্লা টাউন ময়দানে তৃতীয় জানাযার নামাজ হওয়ার কথা রয়েছে।
রোববার বাদ জোহর জন্মস্থান কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদে চতুর্থ জানাযার নামাজ শেষে সেখানে তার দাফন হবে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ।







