লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হবেন কে? এমন প্রশ্নের উত্তরে সবার আগেই আসে নেইমারের নাম। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও জানাচ্ছেন, দুই কিংবদন্তির দেখানো পথ প্রতিনিয়তই অনুসরণ করে চলেছেন তিনি। অনেককিছু শিখছেন দুজনের কাছ থেকেই।
পিএসজি যোগদানের আগে বার্সাতে মেসির সতীর্থ হয়ে লা লিগা মাতিয়েছেন নেইমার। কাতালান দলটির হয়ে তিন মৌসুমে ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। লা লিগাতে থাকতে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন রোনালদোর। সেসময় রিয়াল মাদ্রিদ মাতাচ্ছিলেন পর্তুগিজ মহাতারকা।
মেসির সঙ্গে খেলায় আর্জেন্টাইন মহাতারকার প্রতি নেইমারের টানটা একটু বেশিই। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার মেসিকেই মানছেন আদর্শ হিসেবে, ‘আমি মেসির সঙ্গে খেলেছি। যিনি আমার কাছে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এবং ফুটবলে আমার আদর্শ।’
‘মেসির কাছে আমি প্রতিটা দিনই শিখেছি। যখন আমরা অনুশীলন করতাম, খেলতাম কিংবা তার খেলা দেখতাম। এসব দেখে ভেতর ভেতর বেশ শক্তিশালী হয়েছি। মাঠে আমার সক্ষমতা বেড়েছে, কারণ আমি মেসিকে সামনাসামনি খেলতে দেখেছি।’
‘আর রোনালদো হচ্ছে একজন দানব। তার মুখোমুখি হতে পারাটা গর্বের এবং সম্মানের। তার মুখোমুখি হওয়ার আগে আমাদের অনেক প্রস্তুতি নিতে হত। সেও ইতিহাসের সেরাদের একজন, তার বিপক্ষে খেলতে হলে আপনাকে চতুর হতে হবে, সতর্ক থাকতে হবে। একই সময়ে আপনি তার কাছে অনেক কিছু শিখতেও পারবেন।’
‘এই মহান ফুটবলারকে এক করার কারণ আমি অনেক অনেক শিখতে চাই। আমি জিততে চাই। অনেক ট্রফি চাই, অনেক গোল চাই… তাই আমাকে তাদের কাছ থেকে শিখতেই হবে।’ যোগ করেন নেইমার।







