রিয়াল বেটিসের বিপক্ষে খেলার জন্য গো ধরে ছিলেন লিওনেল মেসি। সদ্য চোট থেকে ফেরা অধিনায়কের জেদের কাছে হেরে শেষ পর্যন্ত তাকে দলে নেয়ার আশ্বাস দিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। কেবল মেসিকেই নয়, বার্সা কোচের জন্য থাকছে আরেকটি সুসংবাদ। বেটিস ম্যাচেই ফিরছেন রক্ষণের পরীক্ষিত সৈনিক স্যামুয়েল উমতিতিও।
চূড়ান্ত পরীক্ষা শেষে দু’জনকেই মাঠে নামার বিষয়ে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন চিকিৎসক। নিজেদের ফিটনেস টেস্টেও উতরে গেছেন দুজনে। তাই লা লিগায় রোববার বেটিসের বিপক্ষে চোট থেকে ফেরা দুই খেলোয়াড়কেই রাখা হয়েছে দলে। ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় ৯টা ১৫মিনিটে।
সেভিয়ার বিপক্ষে হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য বাইরে ছিলেন মেসি। আর হাঁটুর চোট লম্বা সময় ধরে বাইরে রেখেছিল উমতিতিকে।
তবে চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার থমাস ভারমালেন। আর শৃঙ্খলাজনিত কারণে বেটিস ম্যাচের দলেই রাখা হয়নি ফরোয়ার্ড উসমানে ডেম্বেলেকে। ইনজুরির কারণে নতুন করে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো।







