ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সোমবার ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। তারপর সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচ অভিযোগ করেছেন, তার ভোট জালিয়াতি করে মেসির বাক্সে ফেলে জেতানো হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে!
বিশ্বজুড়ে জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটে নির্বাচিত হন ফিফা ‘দ্য বেস্ট’ খেলোয়াড়। সেই ভোটাভুটি শেষে ৪৬ পয়েন্টে বর্ষসেরা হন মেসি। ৩৮ ভোট পান নেদারল্যান্ডস ও লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক। ৩৬ ভোট নিয়ে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো হন তৃতীয়।
লোগারুসিচের দাবি, মেসির ভোট একটা কম হওয়ার কথা। কারণ তিনি তার প্রথম ভোটটা দিয়েছেন মিশরীয়ান ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। দ্বিতীয় এবং তৃতীয় ভোটটি দিয়েছেন সাদিও মানে আর কাইলিয়ান এমবাপেকে। মেসিকে কোনো ভোটই দেননি। অথচ ফিফা দেখাচ্ছে ড্রাভকো তার প্রথম ভোটটি দিয়েছেন মেসিকে, দ্বিতীয়টি ফন ডাইক ও তৃতীয়টি দিয়েছেন সাদিও মানেকে!
এই অবস্থা দেখে নিজের ভোটের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন ড্রাভকো। পরে নাইরোবি নিউজকে সাক্ষাৎকারে বলেছেন, ‘ভোটের পর আমি সেটার ছবি তুলে রেখেছিলাম। এরপর জানি না কী থেকে কী হয়ে গেল!’
অন্যদিকে, নিকারাগুয়ার অধিনায়ক হুয়ান বেরেরা টুইটারে দাবি করেছেন, তার ভোট নাকি তালিকাতেই তোলেনি ফিফা, ‘কেউ কী বলতে পারবেন আমার ভোটের কী অবস্থা?’
একই অবস্থা মিশরের ফুটবলেও। দেশটির কোচ কিংবা অধিনায়কের ভোট নাকি তালিকাভুক্তই করেনি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা!







