ক্রিকেট

মুশফিকের ব্যাটে জিতল আবাহনী

আবাহনী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, বাংলাদেশি ক্রিকেটের একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। বৃষ্টি আইনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে মুশফিকুর রহিমের দল হারিয়েছে ৭ উইকেটে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তোলে পারটেক্স। তাসামুল হক ৫৪ বলে ৯ চারে ৬৫ রানে অপরাজিত থাকেন।

দুই দফা বৃষ্টির পর ডাকওয়ার্থ ও লুইস মেথডে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। মুশফিকের ২৬ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসের সুবাদে ৩ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আকাশী-নীলরা।

বিকেএসপিতে সকালের অপর দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় সংগ্রহ গড়ে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।

মাহমুদুল হাসান জয় ৫৫ বলে সাত চার ও দুটি ছয়ে খেলেন ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। ওপেনার রাকিন আহমেদের ব্যাট থেকে আসে ৪৬ রান।

ওল্ড ডিওএইচএস’র ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

বিকেএসপি’র অন্য মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলার পর বৃষ্টি শুরু হয়।

এই ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। জুনায়েদ সিদ্দিকী ৫০ বলে ৪৮ ও মিজানুর রহমান ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন দুটি করে উইকেট।

বিষয়:আবাহনী বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…