চোটের কারণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হক। এখনো তার জায়গায় কাউকে নেয়নি দলটি। গুঞ্জন রয়েছে চোট কাটিয়ে মঙ্গলবার বোলিং অনুশীলন শুরু করা মাশরাফী বিন মোর্ত্তজা হতে পারেন মুমিনুলের বিকল্প।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা জানান, অন্তত আরও দুটি ম্যাচ খেলার পর নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হবে সম্ভাব্য সেরা বিকল্প।
‘মাশরাফীকে নিয়ে কোনো আলোচনা টিম ম্যানেজমেন্ট থেকে হয়নি। সেরা বিকল্প বেছে নিতে আরেকটু সময় নেয়া হবে। কমপক্ষে দুটি ম্যাচ খেলার পর চূড়ান্ত হবে। প্লেয়ার্স ড্রাফটের তালিকা আমরা দেখছি। এ মুহুর্তে বিকল্প বেছে নেয়া খুব কঠিন। আমাদের দল আরেকটু সময় নেবে মুমিনুল হকের বিকল্প ঠিক করতে।’
প্রথম তিন ম্যাচ জিতে টুর্নামেন্টে উড়তে তাকা চট্টগ্রামের স্কোয়াডে আছেন তিন পেসার। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম খেলছেন নিয়মিত। করছেন দুর্দান্ত বোলিং। ডানহাতি পেসার মেহেদী হাসান ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন।

স্বীকৃত তিন পেসার না খেলিয়ে মিডিয়াম পেসার সৌম্য সরকারকে ব্যবহার করছেন দলটি। চাইলে পার্ট টাইম পেসার জিয়াউর রহমানের হাতে বল তুলে দিতে পারবে মোহাম্মদ মিঠুনের দল। এমন অবস্থায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল গাজী গ্রুপ চট্টগ্রামে মাশরাফীর জায়গা পাওয়া কঠিনই।
মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। গেল ৮ মাসে তাকে দেখা যায়নি মিরপুরে অনুশীলন করতে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে চোট পান মাশরাফী। ফিরে আসে হ্যামস্ট্রিংয়ের পুরনো ব্যাথা।








